https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন।
মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ নুসরাত জাহান রিয়া (১৭)। এ ঘটনায় তার ভাই মো. মোজাম্মেল হোসেন রানা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রিয়ার স্বামী ফরহাদুল ইসলাম রিফাত (২০), তার বোনসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রায় ছয় মাস আগে রিফাতের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।