https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের আওতায় একদিনেই ২ হাজার ৪১১টি মামলার নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে এসব মামলার নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৬৫৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৭৫৬টি পুরোনো রিট মামলার নিষ্পত্তি করা হয়েছে। ফলে একদিনে মোট ২ হাজার ৪১১টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে।
এতে আরও জানানো হয়, পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ছয় কার্যদিবসে মোট ১৯ হাজার ৮৩৬টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি পুরোনো রিট মামলার নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ সময়ে ২৬ হাজার ৫৬০টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলো দীর্ঘদিনের পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম শুরু হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপ্রক্রিয়া আরও গতিশীল করতে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।