ঢাকা
২৮ আগস্ট ২০২৬

অনলাইনে সিসা বিক্রির চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার প্রায় ৬৬ কেজি সিসা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
অনলাইনে সিসা বিক্রির চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার প্রায় ৬৬ কেজি সিসা

ছবি: -সংগৃহীত

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান উদ্ধার এবং অনলাইনে সিসা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কা, ৪০ কেজি হুক্কার কয়লা, পাঁচটি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন আহমেদ শরীফি, মেহদাদ শরীফি ও মো. মাকসুদ আলম। ডিএনসির দাবি, আহমেদ ও মেহদাদ দীর্ঘ সময় ইরানে অবস্থানকালে সিসা ব্যবসার কৌশল শিখে দেশে ফিরে একই মডেলে অনলাইনভিত্তিক বিক্রয় নেটওয়ার্ক গড়ে তোলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা, মালিবাগ, গুলশান ও নূরেরচালা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুটি পার্সেলে পাঠানো সিসা জব্দ করা হয়। পরে প্রেরকের তথ্য ধরে অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাকসুদ আলমকেও আটক করা হয় এবং আরও বিপুল পরিমাণ সিসা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, চক্রটি একটি ফেসবুক পেজের মাধ্যমে সারা দেশে সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জামের অর্ডার নিত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য সরবরাহ করত। অর্থ লেনদেনে তারা একাধিক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করত।

জব্দ করা মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস থেকে বিপুলসংখ্যক ক্রেতার তথ্য, অর্ডার ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে চক্রটির অন্যান্য সদস্য, পরিবেশক ও নিয়মিত ক্রেতাদের শনাক্তে তদন্ত চলছে।