https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে ‘পতিত স্বৈরাচার’ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড আইন অনুযায়ী মোকাবিলা করা হবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তার মতে, এই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না।
এ কারণে জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার না করে জাতীয় কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।