যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আটজন নিহত ও ১৭ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকলেও অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে একটি বাড়িতে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির আল-রিমাল এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় আরও একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে হামলায় ১ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৫০৭ জন আহত হয়েছেন।
এদিকে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় মোট ৭৩ হাজার ১১৮ জন নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।


মন্তব্য করুন