জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। প্রশাসনকে রাজনীতিকরণের ধারা থেকে বের করে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে এবং প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, জনগণের প্রকৃত কল্যাণে আসে—এমন কর্মসূচিই গ্রহণ করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি কৃষি, রেমিট্যান্স ও কারিগরি শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি কৃষিনির্ভর শিল্পের বিকাশ, দক্ষ জনশক্তি তৈরি এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের নীতির ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করাই প্রশাসনের দায়িত্ব। নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা কর্মসূচি বিধি অনুযায়ী বাস্তবায়নে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।