প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ (২০ জুলাই) সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের আলোচ্যসূচি বা অংশগ্রহণকারী দলগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সরকার গঠনের পর শরিকদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়; বরং জোটের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে চারটি জোটসহ মোট ৪২টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে বিএনপি শরিকদের জন্য ১৬টি আসন ছেড়ে দেয়। সরকার গঠনের পর দুইজন শরিক নেতা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও অনেক দল এখনো সরকার ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রত্যাশিত প্রতিনিধিত্ব না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে আসছে।
জোট-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ প্রেক্ষাপটে যমুনার এ বৈঠক ও নৈশভোজকে শরিকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং বিদ্যমান দূরত্ব কমানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শরিক দলগুলোর নেতাদের খোলামেলা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন