https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাটে থাকা সম্পদের তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ চলছে।
সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করছে। আগের দিনের অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী পাওয়া যাওয়ায় সোমবারও ইনভেন্টরির কাজ অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
রোববারের অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, রোলেক্স ব্র্যান্ডের চারটিসহ আটটি ঘড়ির বাক্স, তিন সেট মুক্তার গয়না, চারটি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয়রসিদ অনুযায়ী প্রতিটির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
ক্ষমতার পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বর্তমানে উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি দল অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার, তার স্ত্রী এবং ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।
গত ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে রিসিভার হিসেবে দেওয়া হয়। একই সঙ্গে ইনভেন্টরি কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে আদালত সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি প্রতিষ্ঠানে বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।