অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন। পরে মতবিনিময় সভায় তিনি দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি গুজব ও অপপ্রচার এড়িয়ে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালন এবং সর্বক্ষেত্রে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও আইনের শাসন অনুসরণের ওপরও গুরুত্ব দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবি সদস্যরা ভবিষ্যতেও শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পরিদর্শন শেষে তিনি বিজিবি সদর দপ্তরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন, একটি বৃক্ষরোপণ করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।



মন্তব্য করুন