https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাটে দুই দিনব্যাপী অভিযান শেষে দেড় হাজারের বেশি বিলাসপণ্য উদ্ধার করেছে।
দুদক জানায়, গুলশানের ৬৬ নম্বর রোডের নর্থওয়েস্ট বি ব্লকের ১১ নম্বর প্লটের ওই দুই ফ্ল্যাট থেকে ২৬৯ ধরনের পণ্য পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট এ-৭ থেকে প্রায় ১ হাজার ১৩৫টি এবং ফ্ল্যাট বি-৭ থেকে প্রায় ৪০০টি পণ্য উদ্ধার করা হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম আদালতের নির্দেশনা অনুযায়ী ইনভেন্টরি কার্যক্রম সম্পন্ন করেছে। প্রাথমিক হিসাবে ২৬৯ আইটেমের পণ্য পাওয়া গেছে।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, রোলেক্স ঘড়ির চারটি বক্স, প্রায় ১০০টি কামিজ, মুক্তার গয়না, ঝাড়বাতি, আসবাবপত্র, এসি, ট্রেডমিল, ফ্রিজসহ বিভিন্ন সামগ্রী। রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটির দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে।
ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগের তদন্তে একাধিক মামলা হয়েছে, যেখানে তার স্ত্রী রুকমীলা জামানসহ সংশ্লিষ্ট কয়েকজনকে আসামি করা হয়েছে।
এর আগে আদালতের নির্দেশে সাইফুজ্জামানের গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় দুদক। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে থাকা তার ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেওয়া হয়। জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা সম্পদ জব্দ এবং যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানিতে বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এসব সম্পদ ও বিনিয়োগের পরিমাণ প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা বলে জানানো হয়েছে।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।