জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। এ পরিবর্তনের অংশ হিসেবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সফিউর রহমান।

সোমবার (২০ জুলাই) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শফি উদ্দিনকে বদলি করে ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।