এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে এডিবি স্পষ্ট করে জানায়, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একই সঙ্গে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত তথ্য চাওয়া বা মোবাইল ব্যাংকিংসহ অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

এডিবির তথ্যমতে, সম্প্রতি কিছু প্রতারক এডিবির নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং অন্যান্য প্রতারণামূলক উপকরণ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এসবের মাধ্যমে তারা ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পৃক্ততা নেই।

সংস্থাটি জনসাধারণকে এ ধরনের ভুয়া ঋণের প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, এডিবির নামে কেউ ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দিলে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে এডিবি সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই কোনো ব্যক্তি যদি এডিবির প্রতিনিধি পরিচয়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে সেটি প্রতারণা হিসেবে বিবেচিত হবে।

এডিবি জনসাধারণকে সংস্থাটির নাম, কর্মকর্তাদের পরিচয় বা কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণা এড়াতে এডিবির প্রকাশিত সতর্কতা ও পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।