আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি বা অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কোথাও কোথাও আকস্মিক ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীলও থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর কারণে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার এবং সারিগোয়াইন ও যাদুকাটা নদীর কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে যেসব এলাকায় বন্যা রয়েছে, সেখানে পরিস্থিতির কিছুটা অবনতির আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে এসব জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আত্রাই ও ছোট যমুনা নদীর পানি নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকায় সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।