ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুই প্যাকেজ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুই প্যাকেজ ঘোষণা

ছবি: -সংগৃহীত

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন।

সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২–এ তাঁবু বরাদ্দ দেওয়া হবে। মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে অবস্থানকাল সাধারণত ৩৫ থেকে ৪০ দিন হবে। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজের সুবিধাও নেওয়া যাবে।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫–এ তাঁবু বরাদ্দ দেওয়া হবে এবং মিনা-আরাফায় একই ধরনের ‘সার্ভিস প্যাকেজ-৩’ সুবিধা থাকবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে।

এ ছাড়া বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করা হয়েছে, যার খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন। মিনায় জোন-৫–এ তাঁবু এবং ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় খাবারের ব্যবস্থা থাকবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সালাওয়াত বাসের ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে।

ধর্মমন্ত্রী জানান, সৌদি সরকার ২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে। মক্কা ও মদিনার আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও অন্যান্য সেবা সমন্বিত একটি প্যাকেজের আওতায় আনা হচ্ছে। আগের চারটি সার্ভিস প্যাকেজের পরিবর্তে এবার তিনটি সার্ভিস প্যাকেজ থাকবে এবং ‘ডি’ ক্যাটাগরি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে, যা হজযাত্রীদের সেবার মান আরও উন্নত করবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭ সালের হজে বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। তিনি জানান, ২০২৩ সালে বিমানভাড়া ছিল প্রায় দুই লাখ টাকা এবং ২০২৫ সালে তা ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং বাকি অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা যাবে। হজে যেতে হলে পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকতে হবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031