https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দিচ্ছে। তিনি বলেন, আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হওয়ায় বিচারপ্রার্থীরা দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন এবং নতুন মামলা দায়েরও উল্লেখযোগ্যভাবে কমেছে।
মঙ্গলবার (২১ জুলাই) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে বিচারব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মামলা আদালতে যাওয়ার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে, পাশাপাশি আদালতের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তিনি জানান, ২০টি জেলায় পরিচালিত একটি পাইলট প্রকল্পের ফলাফল ইতিবাচক। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে সময়ের তুলনায় ২০২৬ সালের একই সময়ে বিভিন্ন আইনে নতুন মামলা দায়ের গড়ে ৬২ দশমিক ২ শতাংশ কমেছে।
আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক আদালত আইনে মামলা প্রায় ৫১ শতাংশ, বণ্টনসংক্রান্ত মামলা ৬৬ দশমিক ৯৭ শতাংশ, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি আইনের প্রিম্পশন মামলা ৮৮ দশমিক ২৪ শতাংশ, নন-এগ্রিকালচারাল টেন্যান্সি আইনের মামলা ৫৪ দশমিক ৮৪ শতাংশ, যৌতুক নিরোধ আইনের মামলা ৬৭ দশমিক ৭১ শতাংশ এবং পিতামাতার ভরণ-পোষণ আইনের মামলা ১৮ দশমিক ৬ শতাংশ কমেছে।
তিনি বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব বিচারাধীন মামলা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার জন্য পাঠানো হলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, আদালত, জেলা লিগ্যাল এইড অফিস, আইনজীবী এবং সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের অর্থায়নে পরিচালিত লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে আইনগত সহায়তা ও দ্রুত ন্যায়বিচারের সুযোগ পাচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কক্সবাজারে বর্তমানে এক লাখের বেশি মামলা বিচারাধীন উল্লেখ করে আইনমন্ত্রী সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী তিন মাসের মধ্যে মামলাজট দৃশ্যমানভাবে কমানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, প্রি-কেস মেডিয়েশন কার্যক্রম বাস্তবায়নে জাইকা, জিআইজেড এবং ইউএনডিপির সহযোগিতা প্রশংসনীয়। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রমে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী একযোগে বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল—এই ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ২১খ অনুযায়ী এসব জেলায় এখন থেকে সাতটি আইনের আওতাভুক্ত মামলার ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।