https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৭৯৭ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু। এর মধ্যে পরীক্ষায় ১৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ জন শিশু। তাদের মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের হাম পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেটে, একজন রাজশাহীতে এবং একজন ময়মনসিংহে মারা গেছে।
এদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ জন শিশু। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।