https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে বিজিএমইএ নেতারা শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।
হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে পোশাক খাতের সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা হওয়ায় সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলোর নিষ্পত্তিতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, পোশাক শিল্পের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্যেই সরকার এ খাতের টেকসই উন্নয়নে কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। তিনি বিজিএমইএ নেতাদের আশ্বস্ত করে বলেন, পোশাক শিল্পের বিকাশে যা যা প্রয়োজন, সরকার তা করবে। জনগণ ও ব্যবসায়ীদের সমস্যার সমাধান করতেই সরকার দায়িত্ব নিয়েছে এবং সে লক্ষ্যেই কাজ করছে।
বৈঠক শেষে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএ’র নেতারা উপস্থিত ছিলেন।