https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাম্প্রতিক জলদস্যুতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা জোরদারে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের হস্তক্ষেপ চেয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
বুধবার নৌমন্ত্রীর কাছে পাঠানো এক জরুরি চিঠিতে চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, গত এক মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল, জাহাজের সরঞ্জাম ও মূল্যবান যন্ত্রাংশ লুট হয়েছে, যা বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট ও নাবিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
চিঠিতে বলা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। সরকারের বিভিন্ন উদ্যোগে ২০৩৫ সালের মধ্যে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আঞ্চলিক বিনিয়োগ ও ট্রান্সমোডাল লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠছে। তবে সাম্প্রতিক জলদস্যুতার ঘটনাগুলো বন্দরের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশের ভাবমূর্তির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
চেম্বার সভাপতি আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিদেশি শিপিং অপারেটরদের মধ্যে উদ্বেগ বাড়বে। এর ফলে বিমা ব্যয় বৃদ্ধি, জাহাজ পরিচালনায় বিলম্ব এবং সামগ্রিক বাণিজ্য ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়ন এবং ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমানোর লক্ষ্যও ব্যাহত হতে পারে।
চিঠিতে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থা রিক্যাপ-এর সর্বশেষ প্রতিবেদনের তথ্যও উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনো দস্যুতা বা চুরির ঘটনা ঘটেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ তৎপরতা এবং ‘জিরো টলারেন্স’ নীতির ফলে এ সাফল্য অর্জিত হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ভবিষ্যতের প্রতিবেদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বহির্নোঙরের ঝুঁকিপূর্ণ এলাকায় কোস্ট গার্ডের টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জলদস্যু চক্র, তাদের সহযোগী ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নৌপরিবহনমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার।