https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ১ জুন ২০২৭ পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল। এরপর দীর্ঘ ১৭ বছর ইংল্যান্ডের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি টাইগাররা। নতুন সূচির মাধ্যমে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
একই সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচ এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
লর্ডসে বাংলাদেশের এই টেস্ট ম্যাচ ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী এই ভেন্যুতে আবারও টাইগারদের খেলতে দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।