https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (২৫ জুলাই) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরের শুরুতে তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান।
সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগলু, স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তর পরিদর্শনের সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদারে আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান—এএসআইএসগার্ড, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (তুসাস), এমকেই, সারসিলমাজ, এসটিএম, রকেটসান, আসেলসান এবং বায়কার টেকনোলজি পরিদর্শন করেন। সেখানে তিনি উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে অবহিত হন।
আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।