ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতা, বিশ্বকাপ বয়কটের হুমকি এবং সাবেক ফুটবলারদের সমালোচনার মুখে টুর্নামেন্টের অংশীদারিত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ফিফা।
ফিফা সভাপতি জানান, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভক্তি তৈরি করেছে এবং এটি আর সংস্থার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই পরিকল্পনাটি আর এগিয়ে নেওয়া হবে না।
পরিকল্পনা অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ৪ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগের অনুমোদন চাওয়া হয়েছিল।
তবে গত বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে এ পরিকল্পনার বিরোধিতা করে এবং প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয়। একই অবস্থান নেয় কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এদিকে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর দাবি করেছেন, প্রকল্পটি নিয়ে ফিফার প্রশাসনের ভেতরেও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল।
বিতর্কের মধ্যে ফিফার বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেছেন। বিদায়ী বার্তায় তিনি পরিকল্পনাটিকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ এবং ‘ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল’ বলে মন্তব্য করেন।
আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে টানা চতুর্থ মেয়াদে সভাপতি পদে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। এমন সময়ে পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত তার ওপর বাড়তে থাকা চাপেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
পরিকল্পনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, এখন তিনি ফুটবলের ‘যৌথ স্বার্থের চেতনায়’ সব পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চান।

মন্তব্য করুন