https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
গতানুগতিক শিক্ষা ব্যবস্থার গণ্ডি থেকে বেরিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
শনিবার (১ আগস্ট) ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ‘ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ জনবল তৈরি করে বিদেশে পাঠানো গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যেই সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণে কাজ করছে এবং নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, এ মাস দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দাবি করেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ নতুন পথচলার সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
এর আগে শিক্ষামন্ত্রী অনলাইনে কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়টিকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।