https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করে পর্যায়ক্রমে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের দ্রুত যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে নিয়োগ কার্যক্রমে বিলম্ব হলেও আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যোগদানের পর শিক্ষকদের কর্মস্থলে পদায়ন করা হবে। এরপর তাদের জন্য প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের আয়োজন করা হবে।
গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
নিয়োগের সব ধাপ শেষ হলেও দীর্ঘদিন যোগদান করতে না পারায় নির্বাচিত প্রার্থীরা গত এপ্রিলের শেষ দিকে আন্দোলন করেন। পরে সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের যোগদান ও পদায়নের আশ্বাস দেয়।