https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সম্ভাব্য তৎপরতা প্রতিরোধ এবং সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এ কারণে দায়িত্বরত অবস্থায় কোনো কারণে যানবাহন থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে।
এছাড়া দায়িত্ব শেষে থানার চত্বর, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও নির্দেশ দিয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যক্রম বা গোয়েন্দা তথ্য তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা নির্দেশনা দিয়ে থাকে। আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সম্ভাব্য তৎপরতা বিবেচনায় এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তারা জানান।