https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া ১০৬ জন পথচারী এবং ৫১ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া ২৯টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ১৮ জন।
সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬৯টি জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে ঘটেছে। দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে ছিল নিয়ন্ত্রণ হারানো, মুখোমুখি সংঘর্ষ, পথচারীকে চাপা দেওয়া এবং যানবাহনের পেছনে ধাক্কা।
প্রতিবেদন বলছে, জুলাই মাসে দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল মোট ৭১১টি যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল (১৭২টি), থ্রি-হুইলার (১৩১টি) এবং বাস (১২৪টি)।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৮টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৪৭ জন।