দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৮৪ জন, সিলেটে ১৪৫, বরিশালে ১১৪, খুলনায় ৭০, ময়মনসিংহে ৫৪, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ২৬ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে ২০ হাজার ৫৬২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

মন্তব্য করুন