পটুয়াখালীর সদর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও একজনের মরদেহ উদ্ধার করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলাচিপার আমখোলা গ্রামের কাইউম প্যাদা (৫০), চার আনি বাউরিয়া গ্রামের শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফলের বিলবিলাস গ্রামের তিথী (২৩)। রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের পরিচয় নিশ্চিত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের বাসটি ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি উত্তোলনের পর খাদ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, প্রথমে উদ্ধার হওয়া তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে বাসের ভেতরে বা পানিতে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হয়।