https://timenewsbangla.com

ফুটবলে আবারও একসঙ্গে দেখা যেতে পারে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকা নেইমার যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন।
নেইমারের সঙ্গে ব্রাজিলের ক্লাব সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এরপর মেজর লিগ সকারে যাওয়ার সম্ভাবনা নিয়ে জোরালো হচ্ছে আলোচনা। তবে ইন্টার মায়ামির সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তি হয়নি বলে জানিয়েছে মার্কা।
ইন্টার মায়ামিতে যোগ দিলে বার্সেলোনার সাবেক দুই সতীর্থ মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও একই দলে খেলবেন নেইমার। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলা এই ত্রয়ী ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ হিসেবে পরিচিত ছিল।
তিন তারকার সময়ে বার্সেলোনা জিতেছিল ৯টি শিরোপা। এর মধ্যে ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও তিনটি কোপা দেল রে। ২০১৪-১৫ মৌসুমে তারা ঐতিহাসিক ট্রেবল জয়ের পাশাপাশি এক মৌসুমে সম্মিলিতভাবে করেছিলেন ১২২ গোল।
তবে নেইমারের পরবর্তী গন্তব্য এখনো নিশ্চিত নয়। ট্রান্সফারমার্কেটের হিসাবে বর্তমানে ৩৪ বছর বয়সী এই তারকার বাজারমূল্য ৮০ লাখ ইউরো।