https://timenewsbangla.com

সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৪ দশমিক ২৫৪ কেজি স্বর্ণ, ৭ দশমিক ৯৩০ কেজি রূপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ১৫ হাজার ৫২৭টি কৃত্রিম গহনা ও ৩ লাখ ২ হাজার ৩৯৪টি প্রসাধনসামগ্রী।
এ ছাড়া বিপুল পরিমাণ মোবাইল ফোন ও যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, চা পাতা, জিরা, রসুন, চিনি, সার, কয়লা, কাঠ, কীটনাশক ও জ্বালানি জব্দ করা হয়েছে।
অভিযানে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।
চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক-কাভার্ডভ্যান, ৮টি পিকআপ, ৫৯টি মোটরসাইকেল ও ১২৭টি নৌযানসহ বিভিন্ন যানবাহনও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯টি পিস্তল, একটি রাইফেল, ৫টি ম্যাগাজিন ও ৬০ রাউন্ড গুলি।
চোরাচালানের অভিযোগে ১৯১ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৩১ বাংলাদেশি, ৩ ভারতীয় ও ৮১ মিয়ানমারের নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।