https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।
১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে স্মরণসভা।
এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে কোকোর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাজনৈতিক পরিবারের সন্তান হলেও কোকো ছিলেন প্রচারবিমুখ ও অন্তর্মুখী স্বভাবের। তবে ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রিকেটে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন।
২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।