https://timenewsbangla.com

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক কোনো শক্তি এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইনজীবীরা ঘটনাটিকে নাশকতার চেষ্টা হিসেবে উল্লেখ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর সফরকে সামনে রেখে কোনো মহল শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তারা।