https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশা প্রকাশ করেছেন, বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সামিট টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাস করা যাচ্ছে না। অন্যদিকে বয়লার সমস্যার কারণে এক্সিলারেট টার্মিনালও বর্তমানে ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। এতে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে।
জনদুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে সামিট টার্মিনালে এলএনজি খালাস করা সম্ভব হবে এবং গ্যাস সরবরাহও স্বাভাবিক হওয়ার আশা রয়েছে। তবে সংকট পুরোপুরি কবে কাটবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় বলা কঠিন বলে জানান তিনি।
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার কাছ থেকে এলএনজি কার্গো আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সংকট মোকাবিলায় সম্ভাব্য সব বিকল্প নিয়ে সরকার কাজ করছে এবং বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নেওয়া হচ্ছে।
দেশের নিজস্ব গ্যাস উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটি দীর্ঘমেয়াদি বিষয়। অতীতে দীর্ঘমেয়াদি সমাধানের পরিবর্তে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কারণেও বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জনরোষের আশঙ্কায় পুলিশকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এ বিষয়ে পুলিশকে চিঠি দিয়েছে।