জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার ঢাকায় জাপানের একটি প্রতিনিধিদল আমন্ত্রণপত্রটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়।
এদিন ঢাকায় সপ্তম বাংলাদেশ-জাপান পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সবুজ জ্বালানি, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি, বিগ-বি উদ্যোগ, প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাপান বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি, বিগ-বি উদ্যোগ ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে। বাংলাদেশও নবায়নযোগ্য জ্বালানি, টেকসই উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে জাপানের আরও সহযোগিতা কামনা করেছে।
বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন বড় প্রকল্পে জাপানের সহযোগিতার বিষয় তুলে ধরা হয়।

মন্তব্য করুন