https://timenewsbangla.com

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে ৩৬ ঘণ্টা আটকে থাকা ৩২ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পেরেইরা শহরে ভবন ধসে চারটি ভারী কংক্রিটের স্ল্যাবের নিচে আটকা পড়েছিলেন দানিয়েলা লার্গো। প্রায় ১০ ঘণ্টার উদ্ধার অভিযানের পর দমকলকর্মীরা তাকে বের করে আনেন।
উদ্ধারকারীরা প্রথমে ওপর থেকে সুড়ঙ্গ খনন করে তার কাছে অক্সিজেন পৌঁছান। পরে নিচ থেকে আরেকটি সুড়ঙ্গ তৈরি করে তাকে উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে স্থানীয় এক বাসিন্দা তার চিৎকার শুনে উদ্ধারকারীদের খবর দেন।
ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৮৮ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কালি ও পেরেইরা শহরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারের পর লার্গোকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার ১২ বছর বয়সী ছেলে বাড়িতে তার জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন তার মা।