বয়স বেড়ে অপারেশনাল সক্ষমতা হারানো র‍্যাবের ডগ স্কোয়াডের আটটি প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি করা হয়েছে।

বুধবার মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে কুকুরগুলোর সর্বনিম্ন দর উঠেছে ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৬ হাজার টাকা। বিক্রি হওয়া কুকুরের মধ্যে পাঁচটি ল্যাব্রাডর ও তিনটি জার্মান শেফার্ড। এর মধ্যে পাঁচটি পুরুষ ও তিনটি নারী কুকুর।

র‍্যাব জানিয়েছে, বয়সজনিত কারণে কুকুরগুলোর অনুসন্ধান সক্ষমতা কমে যাওয়ায় এবং ডগ স্কোয়াডের কার্যকর সক্ষমতা বজায় রাখতে নিলামের মাধ্যমে এগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

নিলামে ওঠা মূল্যের সঙ্গে ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট যোগ হবে। ফলে ৫ হাজার টাকা দর ওঠা কুকুরের দাম দাঁড়াবে ৬ হাজার ২৫০ টাকা। আর ২৬ হাজার টাকা দর ওঠা কুকুরের জন্য ক্রেতাকে দিতে হবে ৩২ হাজার ৫০০ টাকা।