ঢাকা
৩১ আগস্ট ২০২৬

ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়ে ফিরবেন হাসান মাসুদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়ে ফিরবেন হাসান মাসুদ

অভিনয় থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন উঠলেও এমন কোনো ঘোষণা দেননি অভিনেতা হাসান মাসুদ। ভালো গল্প ও চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত তিনি।

সম্প্রতি এক বক্তব্যের পর তার অভিনয় ছাড়ার খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পরিষ্কার করে হাসান মাসুদ জানান, প্রায় দুই বছর ধরে তিনি নিয়মিত কোনো অভিনয়ের কাজে নেই। তবে মাঝে মধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।

হজ পালন শেষে ধর্মীয় বিষয়েই বেশি সময় দিচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। তবে এটিকে অভিনয় থেকে বিদায় নেওয়া হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করেন অভিনেতা। মানসম্মত গল্প ও পছন্দের চরিত্র পেলে এখনো অভিনয়ে আগ্রহী তিনি।

ধর্মচর্চা ও অভিনয়কে পরস্পরবিরোধী মনে করেন না হাসান মাসুদ। দীর্ঘদিন ধরেই নিয়মিত নামাজ পড়েন এবং শুটিংয়ের সময়ও সহকর্মীরা তাকে নামাজের জন্য সহযোগিতা করতেন বলে জানান তিনি।

হজ থেকে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এই অভিনেতা। ভবিষ্যতে পছন্দসই প্রস্তাব পেলে অভিনয় চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় হাসান মাসুদের। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে ক্যাপ্টেন পদে অবসর নেন এবং পরে দীর্ঘদিন সাংবাদিকতা করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘গ্র্যাজুয়েট’সহ বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।