https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা। নবনির্মিত ১৫ তলা ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রটির শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।
শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এক ছাদের নিচে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যাত্রা শুরু হয় ২০১২ সালে। সে সময় ১০ তলা ভবনে ৩০০ শয্যার হাসপাতাল চালু করা হয়েছিল। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা যোগ হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এক হাজারে পৌঁছেছে।