ঢাকা
১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। রোববার (১৬ আগস্ট) তিনি জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৪ উদ্যোক্তাকে স্বর্ণপদক দেওয়ার কথা রয়েছে।

ঢাকার বাইরে প্রথমবার জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হচ্ছে কিশোরগঞ্জে। জেলার হাওর, নদ-নদী ও মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনার কারণে এবার এ আয়োজন কটিয়াদীতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে জেলা শহরের পুরনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও স্থাপনা সাজানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সফরটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় নেতাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য খাতের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031