https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে তিনি ভারতের ঐক্য, বৈচিত্র্য ও স্বাধীনতার চেতনার প্রতি শ্রদ্ধা জানান।
পোস্টে শাহরুখ লিখেছেন, ‘ভারতীয় হওয়ার মধ্যে বিশেষ কিছু আছে।’ দেশের বৈচিত্র্য, সংস্কৃতি ও ভিন্নতার পাশাপাশি নিজেদের চেয়েও বড় কিছুর অংশ হওয়ার অনুভূতিকে তিনি ভারতের অন্যতম বিশেষত্ব হিসেবে উল্লেখ করেন।
শাহরুখ আরও বলেন, স্বাধীনতার মাধ্যমে পাওয়া সুযোগ ও অর্জনের মূল্য উপলব্ধি করা সবার দায়িত্ব। পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী এমন কিছু করা উচিত, যাতে দেশ গর্বিত হয়।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ভারতীয় হতে পেরে তিনি গর্বিত এবং ভারতীয় পরিচয়কে ভালোবাসেন। বার্তার শেষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘জয় হিন্দ!’
শাহরুখের পাশাপাশি অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, রাম চরণ, করিনা কাপুর খান, আর মাধবন, অনুপম খের, যশ ও প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।