https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি জায়গা পাওয়া চার নেতা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারীরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি এ তথ্য জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই চার নেতাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন। দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থায়ী কমিটিতে যুক্ত করা হয়েছে।
বিএনপি আশা করছে, নতুন চার নেতা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এবং দল ও জনগণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করা হলেও এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে নেওয়া হলো।
নতুন চারজনের আগে বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ১৩ জন সদস্য ছিলেন। তারা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করা হয়েছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
নতুন চার নেতা যোগ দেওয়ার ফলে বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে মোট ১৭ জন সদস্য রয়েছেন।