চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে, যা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। একইভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও বিতর্ক তৈরির চেষ্টা চলছে। গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে সংসদ গঠিত হয়েছে এবং জনগণ সেখানে তাঁদের প্রতিনিধিদের পাঠিয়েছেন। কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার যুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। পরবর্তী সময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সব ধর্ম ও মতের মানুষ রাজপথে নেমে এসেছেন।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানেও বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষের অংশগ্রহণ ছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছে। ভবিষ্যতেও শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধর্ম ও মতের ভিন্নতা ভুলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান সরকার শুধু ভোট দেওয়া মানুষের নয়, যারা ভোট দেননি, তাঁদেরও সরকার হতে চায়। দেশের সব অঞ্চলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্য রয়েছে সরকারের।

পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম রংপুর সফর। মন্দির পরিদর্শন শেষে তাঁর রাজশাহী যাওয়ার কথা ছিল।