সাভারের আশুলিয়ায় নিজ বাড়ির ছাদ থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ধামসোনা ইউনিয়নের ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুন মিয়ার মালিকানাধীন তিনতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার শহিদ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তারা আশুলিয়ার ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে বাড়ি থেকে হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম ছাদে হাঁসের খাবার দিতে গেলে সেখানে একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বস্তার ভেতর শিশুটির হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। তার হাত-পা বাঁধা ছিল এবং মরদেহটি বস্তাবন্দী অবস্থায় ছাদে ফেলে রাখা হয়েছিল।
কে বা কারা শিশুটিকে হত্যা করে মরদেহ সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

মন্তব্য করুন