https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হামে মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭৬ জনের। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৮ হাজার ২২৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন।