https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মির্জা ফখরুল। এরপর দুপুর ১টা ৪৬ মিনিটে তিনি সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পৌঁছান।
সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।
এ সময় বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। সমাধি প্রাঙ্গণে নিরাপত্তাবেষ্টনীর বাইরে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরাও উপস্থিত ছিলেন। তারা মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা রয়েছে।