ঢাকা
২১ আগস্ট ২০২৬

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচলে ডাইভারশন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনে আসতে শুরু করেছেন। মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছেন।

বঙ্গভবনের সামনে দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়ার পাশাপাশি আশপাশের সড়ক ও ফুটপাত পরিষ্কার করা হয়েছে। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি অনেকটাই ফাঁকা রয়েছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে শপথ বইয়ে সই করবেন মির্জা ফখরুল। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন তিনি।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে যোগ দিতে ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। দরবার হলে আসনসংখ্যাও বাড়ানো হয়েছে। আগে প্রায় ৪০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবার ৮০০-এর বেশি অতিথির জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করে দরবার হলে যাবেন।

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের বাইরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। নিরাপত্তার কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও মূল প্রবেশপথের বাইরে দলটির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন নির্বাচন কমিশন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। মির্জা ফখরুলের শপথের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বের অবসান হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031