ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

মনসুন বিটস-এ প্রীতম হাসান, একই মঞ্চে আর্টসেল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
মনসুন বিটস-এ প্রীতম হাসান, একই মঞ্চে আর্টসেল

ছবি: -সংগৃহীত

গান ও অভিনয়—দুই অঙ্গনেই ব্যস্ত সময় পার করছেন প্রীতম হাসান। সিনেমার প্লেব্যাক, একক ও দ্বৈত গান এবং সংগীতায়োজনের পাশাপাশি নিয়মিত মঞ্চেও দেখা যাচ্ছে এই সংগীতশিল্পীকে। এবার রাজধানীর ‘মনসুন বিটস’ কনসার্টে দর্শকদের গান শোনাবেন তিনি।

আগামী ২৯ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘মনসুন বিটস’। আয়োজনে প্রীতম হাসানের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল।

কনসার্টে আরও সংগীত পরিবেশন করবে অড সিগনেচার ও রেনেসাঁস। পাশাপাশি থাকছে কণ্ঠশিল্পী শিবু ও ডিজে শিমারাইয়ের পরিবেশনা। ফলে রক, মেটাল, ব্যান্ড ও সমসাময়িক সংগীতের নানা আয়োজন নিয়ে কনসার্টটি জমে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

‘মনসুন বিটস’-এর আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকরা জানিয়েছেন, সংগীতপ্রেমীদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এই কনসার্টের পরিকল্পনা করা হয়েছে। প্রতিষ্ঠিত ব্যান্ড ও শিল্পীদের পাশাপাশি বর্তমান সময়ের আলোচিত শিল্পীদেরও একই মঞ্চে আনা হয়েছে।

১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা নির্ধারিত মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্টে অংশ নিতে পারবেন।

এদিকে মঞ্চের পাশাপাশি নতুন গান ও অভিনয়েও ব্যস্ত প্রীতম হাসান। সম্প্রতি প্রকাশিত তার একক গান ‘সেকেন্ড নায়ক’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। গানটির ভিডিও নির্মাণে সৃজনশীল নির্দেশনায় ছিলেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন মীর রাব্বি ও মালাইকা চৌধুরী।

অভিনয়েও ইতোমধ্যে নিজের পরিচয় তৈরি করেছেন প্রীতম। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’-তে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন কণ্ঠশিল্পী জেফার রহমান।

গান ও অভিনয়ের ব্যস্ততার মাঝেও মঞ্চের জন্য সময় বের করে নিচ্ছেন প্রীতম। ফলে ‘মনসুন বিটস’-এ তার পরিবেশনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031