https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। বর্তমানে প্রতি সিনেমায় কোটি কোটি রুপি পারিশ্রমিক নিলেও তার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল মাত্র ২ থেকে ৩ হাজার রুপির একটি কাজ দিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনের স্মৃতি তুলে ধরেছেন নয়নতারা। অভিনয়ে আসার আগে তিনি মডেলিং করতেন। তার প্রথম কাজ ছিল একটি পত্রিকার প্রচ্ছদের জন্য ফটোশুট। ওই কাজের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন আনুমানিক ২ থেকে ৩ হাজার রুপি।
সেই ছবিই পরে নয়নতারার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পত্রিকার প্রচ্ছদে তার ছবি দেখে পরিচালক সত্যন অন্তিক্কাড় তাকে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও তখন অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। শেষ পর্যন্ত পরিচালকের প্রস্তাবে রাজি হন তিনি।
২০০৩ সালে মালয়ালম সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নয়নতারার। এরপর ২০০৫ সালে ‘আইয়া’ দিয়ে তামিল সিনেমায় পা রাখেন। একই বছর রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’তে অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমাটির সাফল্যের পর তার ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন।
এরপর তামিল, তেলুগু ও মালয়ালম ভাষার একাধিক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন নয়নতারা। পরে বলিউডেও অভিষেক হয় তার।
ক্যারিয়ারের শুরুতে যেখানে পারিশ্রমিক ছিল মাত্র ২-৩ হাজার রুপি, বর্তমানে সেখানে প্রতি সিনেমায় আনুমানিক ১০ থেকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক নেন নয়নতারা বলে জানা যায়।