ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

একটি ইনস্টাগ্রাম মেসেজই বদলে দেয় রুক্মিণীর ক্যারিয়ার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
একটি ইনস্টাগ্রাম মেসেজই বদলে দেয় রুক্মিণীর ক্যারিয়ার

ছবি: -সংগৃহীত

একটি ইনস্টাগ্রাম মেসেজ যে কারও ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে—এরই যেন বাস্তব উদাহরণ অভিনেত্রী রুক্মিণী বসন্ত। বর্তমানে ভারতের অন্যতম আলোচিত এই অভিনেত্রীর বড় পর্দায় সাফল্যের যাত্রার পেছনে রয়েছে নির্মাতাকে পাঠানো একটি ছোট্ট বার্তা।

কন্নড় সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা রুক্মিণী এখন একের পর এক বড় বাজেটের সিনেমায় কাজ করছেন। ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর সাফল্যের পর দেশজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘টক্সিক’। পাশাপাশি হাতে রয়েছে ‘ড্রাগন’-এর মতো আলোচিত সিনেমাও।

তবে এই অবস্থানে পৌঁছানোর শুরুটা হয়েছিল ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘সপ্ত সাগারাদাচি এল্লো’ সিনেমার মাধ্যমে। হেমন্ত রাও পরিচালিত সিনেমাটিতে রক্ষিত শেঠির বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন রুক্মিণী।

সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে নিজের সেই সিনেমায় সুযোগ পাওয়ার গল্প জানিয়েছেন অভিনেত্রী। রুক্মিণী বলেন, সিনেমাটির জন্য অভিনয়শিল্পী নির্বাচনের খবর জানতে পেরে তিনি সরাসরি নির্মাতা হেমন্ত রাওয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তা পাঠান। সেখানে সিনেমাটিতে অভিনয়ের আগ্রহের কথা জানান তিনি।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়েই থেমে থাকেননি রুক্মিণী। নিজের জীবনবৃত্তান্ত ই-মেইলের মাধ্যমেও নির্মাতার কাছে পাঠান। এরপর প্রায় ১০ দিন অপেক্ষার পর হেমন্ত রাওয়ের কাছ থেকে সাড়া পান তিনি।

এরপর অডিশনে ডাক পান রুক্মিণী। অডিশনে সফল হওয়ার পরই ‘সপ্ত সাগারাদাচি এল্লো’ সিনেমায় যুক্ত হন তিনি। সিনেমাটি মুক্তির পর কন্নড় চলচ্চিত্রে দ্রুত পরিচিতি তৈরি হয় তার।

পরবর্তী সময়ে শিব রাজকুমার, গণেশ ও শ্রী মুরালির মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পান রুক্মিণী। তামিল সিনেমাতেও অভিনয় করেছেন বিজয় সেথুপতির সঙ্গে।

তবে ভারতজুড়ে তার পরিচিতি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে ‘কানতারা: চ্যাপ্টার ১’ সিনেমার মাধ্যমে। সেখানে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং তাকে জাতীয় পর্যায়ে আলোচনায় নিয়ে আসে।

এবার রুক্মিণীকে দেখা যাবে যশ অভিনীত ‘টক্সিক’-এ। সিনেমাটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তেলুগু তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ড্রাগন’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।

এদিকে রজনীকান্তের সম্ভাব্য নতুন সিনেমা ‘ধর্মন’-এও রুক্মিণীর অভিনয়ের গুঞ্জন রয়েছে। ফলে তিন বছর আগে পাঠানো একটি ইনস্টাগ্রাম মেসেজ থেকে শুরু হওয়া যে পথচলা, তা এখন তাকে ভারতীয় সিনেমার বড় আয়োজনগুলোর অন্যতম আলোচিত অভিনেত্রীতে পরিণত করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031