ঢাকা
৩১ আগস্ট ২০২৬

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিক নেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। বৈদ্যুতিক যান, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে এ বিনিয়োগ হতে পারে।

এ ছাড়া বাংলাদেশের সড়ক নির্মাণে রাবারাইজড বিটুমিন প্রযুক্তিতে কারিগরি সহযোগিতা দেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অতিবৃষ্টির মধ্যেও রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের কারণে সড়ক তুলনামূলকভাবে টেকসই থাকে। বাংলাদেশেও পর্যায়ক্রমে প্রায় ২০ শতাংশ সড়কে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এদিকে ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হবে বলেও জানান মীর শাহে আলম। দ্রুত এ বিষয়ে বিধিমালা করা হবে। ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে, তবে ছয় আসনের রিকশা নিবন্ধন পাবে না।

তিনি আরও জানান, এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই তা জারি করা হবে।