https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আধুনিকায়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়ন এবং জরুরি সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসব প্রকল্প বাস্তবায়ন করছে। অবকাঠামোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায়ও গুরুত্ব দেওয়া হয়েছে।
চলমান প্রকল্পগুলোর মধ্যে দেশের বিভিন্ন স্থানে থানা ভবন কাম ব্যারাক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২৪০ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৭ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা। এছাড়া থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, পর্যটন পুলিশ ও হাইওয়ে পুলিশ স্থাপনা নির্মাণে ৭ হাজার ৭৫ কোটি ৪৯ লাখ টাকার আরেকটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন এবং বিশেষায়িত পুলিশিং সক্ষমতা বাড়াতে কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম প্রিভেনশন সেন্টার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫৩৭ কোটি ৪৩ লাখ টাকা। ঢাকা মহানগর পুলিশের সরঞ্জাম সংগ্রহে আরও ১ হাজার ১৪৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে।
সাইবার অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়াতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এ খাতে ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৯০ কোটি ৮৭ লাখ টাকা।
র্যাব সদর দপ্তর নির্মাণে ৫ হাজার ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ের প্রকল্প চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৩৬৫ কোটি ৫০ লাখ টাকা। গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নেও ২ হাজার ২৩০ কোটি ২৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের লজিস্টিকস, নৌযান রক্ষণাবেক্ষণ ও নতুন নৌযান সংগ্রহে দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৭ হাজার ৫৭৬ কোটি ২২ লাখ এবং ২৩ হাজার ১৪৮ কোটি ২৯ লাখ টাকা।
এদিকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে ৯ হাজার ৩৮ কোটি ৩৬ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা।
মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নে ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সম্প্রসারণের পাশাপাশি সাত বিভাগীয় শহরে নতুন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৪১৩ কোটি ১৫ লাখ টাকা।
কারা ব্যবস্থার আধুনিকায়নে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন, জামালপুর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ, নরসিংদী জেলা কারাগার নির্মাণ এবং পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণ ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন প্রকল্প রয়েছে।
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণে ৬৫০ কোটি ৯৬ লাখ টাকা এবং দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণে ৬৫ কোটি ১২ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫টি প্রকল্পের সামগ্রিক চিত্রে দেখা যায়, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এখন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নেই। ডিজিটাল অপরাধ তদন্ত, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক সক্ষমতা, মাদকাসক্তি নিরাময়, কারা ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান—সব ক্ষেত্রেই সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।